কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালী কলাপাড়ায় নদীর দখল দূষন বন্ধে নদীতে কাগজের নৌকা ভাসিয়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়। এই কর্মসূচিতে পরিবেশ কর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে ওই একই স্থানে "নদী বাঁচাও, দেশ বাঁচাও" প্রতিপাদ্য বিষয় নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন। এসময় বক্তব্য রাখেন, ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) এর আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালী'র আহ্বায়ক অমল মুখার্জী, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি ও পরিবেশ বাঁচাও আন্দোলনের কলাপাড়ার সমন্বয়ক নজরুল ইসলাম।
বক্তারা বলেন, দুই যুগ আগেও নদীতে শত শত নৌকা ভাসতো এবং নদীগুলোতে প্রচুর মাছ পাওয়া যেত।কিন্তু এখন আর সেই দৃশ্য দেখা যায়না। তাই প্রতীকী হিসেবে কাগজের নৌকা ভাসিয়ে তারা প্রতিবাদ জানান। এছাড়া আন্ধারমানিক সহ জেলার সকল নদীর দখলকারীদের নাম প্রকাশ এবং উচ্ছেদ অভিযান সহ নদীগুলোকে খননের দাবি জানান।

আপনার মতামত লিখুন :