ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

শাহজালাল বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে, ২০২৫, ০৩:৫০ দুপুর

আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই অভিনেত্রীকে আটক করা হয়। রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নুসরাত ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায়। যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানা তাকে হস্তান্তর করা হয়।

ফারিয়া আটক নাকি গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

নুসরাত ফারিয়া ছাড়াও এ মামলায়, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। 

মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। 

মামলায় আরও উল্লেখ করা হয়, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

Link copied!