রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। গণ-অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার লক্ষ্যে গড়ে তোলা ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সদ্য নির্মিত এই জাদুঘরের স্মৃতিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্মৃতিফলক উন্মোচনের পর জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে সূরা ফাতিহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাজশাহী
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির নানা আনুষ্ঠানিকতা। সরকারি-বেসরকারি সংস্থা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ দিনব্যাপী বৈচিত্র্যময় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি স্মরণ করছে। বুধবার সকাল থেকেই রাজশাহীতে দিবসটি কেন্দ্র করে নানা কর্মসূচি শুরু হয়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের স্মরণে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
সকাল ৯টায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে যারা বদমাইশি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে যেন অন্য কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেজন্য দেশের প্রতিটি নাগরিককে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান, জুলাই শহিদ সাকিব আনজুমের বাবা। আবেগপ্লুত কণ্ঠে তিনি বলেন, ভবিষ্যতে আর কোনো মেধাবী সন্তান যেন এভাবে শহিদ না হয় এবং কোনো বাবা-মায়ের বুক যেন খালি না হয়। তিনি সন্তান হত্যার সঙ্গে জড়িত সকলের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের জোর দাবি জানান।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার, আহত ব্যক্তি ও জুলাই যোদ্ধাদের সম্মানার্থে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, আন্দোলন-সংগ্রামের প্রামাণ্যচিত্র প্রদর্শনী, গণভোজ ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জয়পুরহাট
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনের দুই বছর পূর্তিতে বুধবার (৫ আগস্ট) রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯টা জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ড. আবুল কাশেম ময়দানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পুলিশ সুপার, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আপনার মতামত লিখুন :