ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ইংল্যান্ড প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস ঢাকায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬, ০৬:৫৯ বিকাল

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ দলের হয়ে খেলতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস এখন ঢাকায়। ১৯ বছর বয়সী এই উইঙ্গার আজ (৮ আগস্ট) ঢাকায় পৌঁছেছেন। শিগগিরই যশোরে অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা তার। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে যশোরের শামসুল হুদা একাডেমিতে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন অ্যাডাম। ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচগুলো। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক উজবেকিস্তান, সিরিয়া ও ভারত।

অ্যাডামকে দলে আনতে কয়েক মাস ধরে কাজ করেছে বাফুফের টেকনিক্যাল বিভাগ। গত এপ্রিলেই তার খেলার ভিডিও বিশ্লেষণ করে যোগাযোগ শুরু করা হয়। এরপর নাগরিকত্ব ও পাসপোর্ট-সংক্রান্ত নথিপত্রসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার বাংলাদেশে এলেন এই তরুণ ফুটবলার। ইংল্যান্ডে বেড়ে ওঠা অ্যাডামের ফুটবল ক্যারিয়ারের শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে। চার বছর সেখানে বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন তিনি। পরে যোগ দেন বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে। চোটের কারণে বার্নলির সঙ্গে তার চুক্তি নবায়ন হয়নি।

উইংয়ে গতি ও আক্রমণ তৈরির দক্ষতার জন্য পরিচিত অ্যাডাম। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও তার সক্ষমতা রয়েছে। আক্রমণভাগে একাধিক পজিশনে খেলার সামর্থ্যও রয়েছে তার। এসব গুণ বিবেচনায় তাকে অনূর্ধ্ব-২০ দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছে বাফুফে। অ্যাডাম ছাড়াও আরও চার প্রবাসী ফুটবলারকে নিয়ে কাজ করছে বাফুফে।

Link copied!