শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৫০ দুপুর

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর শরীর তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে মো. রুহুল আমিন নামের ওই যাত্রীকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেয় সিআইআইডির একটি দল। এ সময় দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের (Flydubai) একটি ফ্লাইটে (FZ501) আসা যাত্রী মো. রুহুল আমিনের (পাসপোর্ট নম্বর: B00901521) গতিবিধি সন্দেহজনক মনে হয়। তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়।

পরবর্তীতে শরীরে লুকায়িত অবস্থায় অবৈধ কোনো বস্তু বহনের সন্দেহে ওই যাত্রীকে বডি স্ক্যান করা হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে লুকায়িত অবস্থায় স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন। বিমানবন্দরে কর্মরত অন্যান্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উপস্থিতিতে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব দ্রব্য উদ্ধার করা হয়। পরে সবার সামনে কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের মোট ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

আটককৃত যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।

Link copied!