ঢাকা বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৫, ১২:০১ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৭ জুন।। পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইউসুফ খন্দকার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জুনায়েদ হোসেন লেলিন। মৃত ইউসুফ খন্দকার বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাসিন্দা।

এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলার নির্দেশনা থাকলেও স্থান, বেড ও লোকবল সংকটে তা সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রত্যেক ওয়ার্ডে ডেঙ্গুর কর্নার খোলা হয়েছে। এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ রোগী ভর্তি রয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জুনায়েদ হোসেন লেলিন বলেন, এ বছর উপজেলায় এই প্রথম বৃদ্ধ ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে বাড়ির আশপাশ পরিস্কার রাখাসহ পানি জমতে না দেওয়ার জন্য জনসাধারণকে সচেতন করতে সরকারি-বেসরকারিভাবে আরো প্রচার প্রচারণা চালাতে হবে। এছাড়া জ্বর, কাশি ও মাথাব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। 

Link copied!