ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আগৈলঝাড়ায় বিরল প্রজাতির কচ্ছপ বিক্রেতার কারাদন্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:০৩ বিকাল

প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির দায়ে বিক্রেতাকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এ সময় তার কাছে থেকে ২৮টি জীবিত বিরল প্রজাতির কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়েছে।
 
আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকাল ইউনিয়নের ত্রিমুখী বাজারে কচ্ছপ বিক্রির সময় কদমবাড়ি এলাকার যতীন্দ্রনাথ অধিকারীর ছেলে ফিলিপ অধিকারী (৫০) কে ২৮ পিস বিরল প্রজাতির কচ্ছপ ও শাপলাপাতা মাছসহ আটক করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ফিলিপ অধিকারীকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ফিলিপকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জীবিত ২৮টি কচ্ছপ ও ২টি শাপলাপাতা মাছ পয়সারহাট সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে।
 
অভিযানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান প্রমুখ। আজ সোমবার দুপুরে আসামী ফিলিপ অধিকারীকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 

Link copied!