কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি কাঁকড়া। এটি উজ্জ্বল নীল রঙের দাঁড়া ও সাদা ছোপযুক্ত খোলস। কাঁকড়াটি বৃহস্পতিবার সকালে অন্যান্য মাছের সঙ্গে স্থানীয় মাছ বাজারের গাজী ফিশে নিয়ে আসেন জেলেরা। পরে জামাল নামের এক ফিশ ফ্রাই ব্যবসায়ী কাঁকড়াটি কিনে নেন। ব্যতিক্রমী রং ও আকৃতি অন্যান্য কাঁকড়ার চেয়ে আলাদা থাকার কারণে তার দোকানে নেওয়ার পর পরই এটিকে একনজর দেখতে ভিড় করেন পর্যটকসহ স্থানীয়রা। তবে এই সামুদ্রিক প্রাণীটি খাবার হিসেবে বিক্রির বিষয়টি অনেকের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জেলে হাবিব জানান, অন্যান্য মাছের সঙ্গে কাঁকড়াটি তাঁদের জালে ধরা পড়ে। মাঝে মধ্যে জালে বিভিন্ন প্রজাতির কাঁকড়া ধরা পড়লেও এত বড় ও উজ্জ্বল নীল রঙের এধরনের কাঁকড়া এর আগে কখনো দেখেননি তিনি। পর্যটক মুন্না বলেন, কাঁকড়াটির রং ও আকৃতি সত্যিই আকর্ষণীয়। এই প্রথম এত সুন্দর ও ভিন্ন রঙের কাঁকড়া দেখলাম। ফিশ ফ্রাই ব্যবসায়ী জামাল সাংবাদিকদের জানান, কাঁকড়াটি ফ্রাই করে বিক্রির পরিকল্পনা রয়েছে।
‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো.বখতিয়ার রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানান, প্রকৃতির অপূর্ব সৃষ্টি এই সামুদ্রিক কাঁকড়াটির ইংরেজি নাম Blue Swimming Crab এবং বৈজ্ঞানিক নাম Portunus pelagicus। পুরুষ কাঁকড়ার পা ও দাঁড়া উজ্জ্বল নীল, আর স্ত্রী কাঁকড়া সাধারণত বাদামি-সবুজ রঙের হয়। পেছনের এক জোড়া বৈঠার মতো চ্যাপ্টা পা দিয়ে এরা পানিতে সাঁতার কাটে। বঙ্গোপসাগরসহ বাংলাদেশের উপকূলীয় এলাকায় এদের দেখা মেলে। সামুদ্রিক খাদ্যশৃঙ্খল, জীববৈচিত্র্য ও উপকূলীয় জেলেদের জীবিকায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের জাতীয় লাল তালিকা (২০১৪) অনুযায়ী, এটি Least Concern (LC) বা আপাতত বিপদমুক্ত; তবে বৈশ্বিক IUCN Red List-এ এখনো মূল্যায়িত নয় (NE)। তাই এদের টেকসই আহরণ ও প্রজননক্ষেত্র সংরক্ষণ জরুরি। তিনি আরও বলেন, বাংলাদেশের কাঁকড়ার বৈচিত্র্য বেশ সমৃদ্ধ, প্রায় ৩৮ প্রজাতি কাঁকড়া রয়েছে।
উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা উপরা’র আহবায়ক কে এম বাচ্চু জানান, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের প্রাণীর প্রতি আমাদের সচেতন হওয়া জরুরি। বিরল বা ব্যতিক্রমী সামুদ্রিক প্রাণী দেখলে সেগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া উচিত।এ ধরনের কাঁকড়া সামুদ্রিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ প্রাণ।

আপনার মতামত লিখুন :