কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের অভিযান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬, ০৫:২০ বিকাল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষ হওয়ার পর সমুদ্রসৈকতের পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার বেলা ১১টায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে কুয়াকাটা সমুদ্রসৈকতে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে পটুয়াখালী জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় সৈকতের বিভিন্ন স্থানে পড়ে থাকা বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়। সম্প্রতি আয়োজিত পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে কুয়াকাটায় বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। উৎসব শেষে সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখা, বর্জ্য অপসারণ এবং পরিবেশদূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় বলে আয়োজকেরা জানান।

এ অভিযানে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন হাওলাদার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ, সদস্যসচিব নেছার উদ্দিন হাওলাদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

অভিযান শেষে মো. আমানউল্লাহ আমান বলেন, কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এ সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পর্যটকেরা যাতে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এ উদ্যোগ।

তিনি বলেন, সৈকতের পরিচ্ছন্নতা রক্ষার কার্যক্রম যেন শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থাকে। এ লক্ষ্যে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি সপ্তাহে অন্তত এক দিন সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।আমানউল্লাহ আমান পর্যটনকেন্দ্রের পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। 

তিনি বলেন, পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ধরে রাখতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা জরুরি। এ সময় তিনি সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলার জন্য পর্যটকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

Link copied!