কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। সমুদ্রের অবিরাম গর্জন, দিগন্তজোড়া নীল জলরাশি আর জনপ্রিয় শিল্পীদের সুরের মূর্ছনা, সব মিলিয়ে উৎসবের রঙে রঙিন হয়ে উঠে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা। শনিবার রাতে সৈকতের ডিসি পার্ক সংলগ্ন কার্নিভালের মঞ্চে সংগীত পরিবেশন করেন দেশের তারকা সংগীতশিল্পী আর্ক’র হাসান, আরমান আলিফ ও ঐশী।
একের পর এক প্রিয় শিল্পীদের পরিচিত গানের সুরে মুগ্ধ হন দর্শক-শ্রোতারা। কেউ কেউ গানের কণ্ঠ মিলিয়ে আনন্দে মেতে ওঠেন, কেউ অবার মোবাইলে আলোজ্বালিয়ে শিল্পীদের উৎসাহিত করেন। সৈকতের নৈসর্গিক সৌন্দর্য আর সাংস্কৃতিক আয়োজনের মেলবন্ধনে প্রাণবন্ত হয়ে ওঠে পর্যটন কার্নিভালের মঞ্চ ও আশপাশের এলাকা।
ব্যান্ড তারকা শিল্পী হাসান দর্শকদের উদ্দেশে বলেন, কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬ একটা স্মরনীয় দিন হয়ে থাকাবে। স্থানীয়রা জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে কুয়াকাটায় অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী এ পর্যটন কার্নিভাল। উৎসবের মধ্য দিয়ে কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে দেশি-বিদেশি পর্যটকদের সামনে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার শুরু হওয়া কার্নিভালের প্রথম দিনেও ছিল বর্ণিল আয়োজন। সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতান চিত্রনায়িকা পূর্ণিমা। সংগীত পরিবেশন করেন চিশতি বাউল ও প্রীতম হাসান। পাশাপাশি দর্শকদের বিনোদন দিতে আয়োজন করা হয় সাদ্দাম মালের কমেডি শো। দিনের আয়োজনে ছিল ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিচ ফুটবল প্রতিযোগিতা।
নানা বয়সী মানুষের অংশগ্রহণে উৎসবের প্রথম দিনও ছিল প্রাণচঞ্চল। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন কুয়াকাটার পরিচিতি বাড়ানোর পাশাপাশি নতুন পর্যটক ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সহায়ক হবে। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামান জানান, জেলা-উপজেলা প্রশাসন, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কোন ঘাটতি ছিল না। ফলে এতো বড় একটা অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আপনার মতামত লিখুন :