ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় ১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, চলছে সাজসজ্জার কাজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:৩২ রাত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পৌর শহরসহ উপজেলার প্রতিটি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে চলছে রং করার কাজ। পাশাপাশি মণ্ডপগুলোতে আলোকসজ্জা ও সাজসজ্জার কাজও চলছে পুরোদমে। আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

এদিকে শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরা নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। তাদের উপস্থিতিতে স্থানীয় বিপণিবিতান ও পোশাকের দোকানগুলোতেও বেড়েছে ব্যস্ততা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার কলাপাড়া উপজেলায় ১৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের খোঁজখবর নেওয়া হচ্ছে। পূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মন্দিরগুলোতে নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রয়েছে।
পঞ্জিকামতে, এ বছর দেবী দুর্গার আগমন ঘোটকে (ঘোড়ায়) এবং গমন নৌকায়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এই ধর্মীয় উৎসব।

উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্য সচিব দেবাশীষ শিকদার কালা বলেন, পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা আন্তরিকভাবে কাজ করছেন। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও বিভিন্নভাবে খোঁজখবর নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার উপজেলায় দু’টি পূজামণ্ডপ বেশি হয়েছে বলে তিনি জানান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান বলেন, উপজেলায় মোট ১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে দল কাজ করবে।

 

Link copied!