ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগের পর অবশেষে দেশে ফিরল দম্পতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ দুপুর

উন্নত জীবনের আশায় দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগের পর অবশেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন দুই বছরের শিশুসহ এক বাংলাদেশি দম্পতি। সোমবার (২৬ অক্টোবর) রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ফিরতি ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ধরাদোয়া গ্রামের মো. আল আমিন শেখ (২৫), তার স্ত্রী জোসনা আক্তার (২১) এবং তাদের দুই বছর বয়সী শিশুসন্তান আরমান শেখ। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন কর্মকর্তা, পুলিশ এবং বিজিবি-বিএসএফের প্রতিনিধিদের উপস্থিতিতে ওই পরিবারকে দেশে ফিরিয়ে আনা হয়।

পুলিশ সূত্র জানায়, ভালো কাজের প্রলোভনে পড়ে ২০২৩ সালে পরিবারটি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। সেখানে বসবাসের একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। আদালতের নির্দেশে তাদের কেরালার পাঠানপুরামে ‘গান্ধীভবন আন্তর্জাতিক ট্রাস্ট’ নামের একটি আশ্রমে রাখা হয়। সাজাভোগ ও আশ্রয়কেন্দ্রের দিনগুলো শেষে দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের ভিত্তিতে তাদের ফিরিয়ে আনা হলো।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ইমিগ্রেশন ও থানার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাটি দ্রুত সময়ের মধ্যে তাদের পরিবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেবে।

Link copied!