ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলার মাঠ ব্যবস্থাপনায় জাগোনারি’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১০:০৪ রাত

প্রণব নারায়ণ বিশ্বাস, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলার মাঠ ব্যবস্থাপনায় জাগোনারি নামের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। পটুয়াখালী জেলা সাউন্ড লাইট এন্ড লজিষ্টিক এসোসিয়েশন কলাপাড়া উপজেলা শাখা এ অভিযোগ করেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯ টায় কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে অনুষ্ঠাতব্য এ মেলায় মাঠ ব্যবস্থাপনার জন্য ডেকোরেশন দায়িত্ব নিয়ে বড় ধরনের আর্থিক কারচুপি হয়েছে বলে দাবী তোলেন কলাপাড়া সাউন্ড লাইট এন্ড লজিষ্টিক এসোসিয়েশনের সভাপতি মো. মাহবুবুর রহমান আজাদ শিকদার।
 
তিনি অভিযোগ করে বলেন, কলাপাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা জাগোনারী নামের একটি সংস্থার উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ২০২৬ এর আয়োজন করা হয়। মাঠ ব্যবস্থাপনার অন্তভর্‚ক্ত গেট, স্টল, সাউন্ড সিস্টেম এবং মঞ্চসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বাবদ খরচের জন্য ওই সংগঠন থেকে আমাদের কাছে একটি ফরম আকারে কোটেশন চাওয়া হয়। তাদের দেয়া চাহিদা অনুযায়ী আমরা সেই ফরমে মূল্য নির্ধারন করে দেই। সেখানে একেক জন একেক রকম মূল্য দিয়েছে। এখানে কারো মূল্য কম কিংবা কারো বেশি হতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করোছি, আমাদের কাছে চাওয়া চাহিদা অনুযায়ী তারা মাঠে কাজ করায়নি। তারা আমাদের স্থানীয় কোন ব্যবসায়ীকে কাজটি না দিয়ে অন্য উপজেলার ব্যবসায়ীদের দিয়ে কাজটি করিয়েছে।

তাদের চাহিদা ছিলো, সমস্ত স্টল এবং মঞ্চ ওয়াটারপ্রুফ ত্রিপল দিয়ে করতে হবে। এছাড়াও অন্যান্য যেসকল কাজের ধরন তারা দিয়েছে তা অনেক উচ্চ মানের ছিলো। আমরা সে অনুযায়ী মূল্য নির্ধারন করে কোটেশন দিয়েছি। অথচ বর্তমানে মাঠে যে কাজ হয়েছে তা তাদের চাহিদার তুলানায় অত্যান্ত নিন্ম মানের। তারা এখন যে মানের কাজ করিয়েছে তা আমরা আরো কমে করতে পারতাম। এক্ষেত্রে জাগোনারি সংস্থা আমাদের সাথে চরম অনিয়ম করেছে।

তিনি আরো দাবী করে বলেন, জাগোনারি সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কাজ করানোর জন্য অনিয়মের মাধ্যমে বড় ধরনের আর্থিক লেনদেন করেছেন। সেইসাথে স্থানীয় ব্যবসায়ীদের সাথে প্রতারণা করেছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এমন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সকল সংগঠন ও সংস্থার প্রতি আহবান জানান।

এবিষয়ে জাগোনারী কলাপাড়া উপজেলা শাখা’র প্রকল্প ব্যবস্থাপক (প্রদৃপ্ত প্রকল্প) মো. জাফর আলম’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অফিসিয়াল নিয়মানুযায়ী মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব অর্পন করা হয়েছে। সেখানে যে সর্বনিন্ম মূল্য নির্ধারন করেছে তাকেই একাজের দায়িত্ব দেয়া হয়েছে। তবে, স্থানীয় ব্যবসায়ীদের কাছে দেয়া কোটেশন অনুযায়ী কাজ হচ্ছে কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে তার অফিসে যাওয়ার কথা বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। 
 

Link copied!