বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ার আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মতিঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জামায়াতের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি স্থাপনায় অভিযান চালিয়ে ছরোয়ার আলমকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। ডিভাইসগুলো বর্তমানে ফরেনসিক ও তথ্য বিশ্লেষণের জন্য খতিয়ে দেখা হচ্ছে।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে জামায়াত আমিরের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল থেকে নারী নেতৃত্ব ও কর্মজীবী নারীদের নিয়ে একটি বিতর্কিত পোস্ট দেওয়া হয়। এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র সমালোচনার ঝড় তোলে। বিএনপি, ছাত্রদল এবং বিভিন্ন নারী সংগঠন এর প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে।
তবে জামায়াতে ইসলামী শুরু থেকেই দাবি করে আসছিল, তাদের আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনায় শনিবার রাতেই জামায়াতের পক্ষ থেকে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আপনার মতামত লিখুন :