ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বেনাপোলে যুগ্ম কমিশনারের বিরুদ্ধে রাজস্ব কর্মকর্তাকে মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬, ০২:৫৯ দুপুর

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল কাস্টমস হাউজে এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে যুগ্ম কমিশনার শরফুদ্দিনের বিরুদ্ধে। দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে আরমান নামে ওই কর্মকর্তাকে প্রকাশ্যে লাথি ও কিল-ঘুষি মারার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

ঘটনার বিবরণে জানা যায়, কাস্টমস কমিশনারের নির্দেশে সহকারী রাজস্ব কর্মকর্তা আরমানকে অন্য একটি পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সেখানেই অর্পিত দায়িত্ব পালন করছিলেন। তবে ঘটনার দিন দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে যুগ্ম কমিশনার শরফুদ্দিন তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁকে লাথি ও কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগ উঠেছে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে বেনাপোল বন্দরের ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, যুগ্ম কমিশনারের খামখেয়ালিপূর্ণ আচরণ ও বিভিন্ন কার্যক্রমে জটিলতার কারণে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। এতে ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হচ্ছে বলেও দাবি তাঁদের।

ব্যবসায়ীদের আরও অভিযোগ, এ ধরনের পরিস্থিতির কারণে বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি।

এদিকে, মারধরের অভিযোগের বিষয়ে যুগ্ম কমিশনার শরফুদ্দিনের বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, “এটা অন্য একটা বিষয়, পরে কথা বলবো।” এরপর তিনি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী রাজস্ব কর্মকর্তা আরমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁরা বেনাপোল কাস্টমস হাউজে স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের হয়রানি বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Link copied!